বাংলাদেশ লেফটিস্ট নেটওয়ার্ক-এর যাত্রা শুরু

বাংলাদেশ লেফটিস্ট নেটওয়ার্ক একটি তরুণ স্বেচ্ছাসেবী উদ্যোগ যার লক্ষ্য বাংলাদেশের মাটিতে সমাজ পরিবর্তনের লক্ষ্যে ক্রিয়াশীল সকল বামপন্থী, প্রগতিশীল, গণতান্ত্রিক চিন্তা লালনকারী ব্যক্তি বা সংগঠনসমূহের মধ্যে পারস্পরিক বিনিময়ের ক্ষেত্র প্রস্তুত করার মধ্য দিয়ে শোষণমুক্ত শ্রমিক-কৃষক-জনতার বাংলাদেশ নির্মাণের জন্য একটি ঐক্যবদ্ধ শক্তিশালী সামাজিক শক্তি গড়ে তোলার পথ প্রশস্ত করা। বাংলাদেশের বাম আন্দোলনের ইতিহাস বেশ সমৃদ্ধ অথচ এদেশের জনমানুষের মাঝে বাম চিন্তার প্রভাব এখনও ততটা শক্তিশালী নয়। তরুণ প্রজন্ম অধিকাংশই রাজনীতিবিমুখ। জনগণ অধঃপতিত দ্বিদলীয় বৃত্তে আবর্তিত বুর্জোয়া রাজনীতির অসহায় শিকার। এদেশের সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদের প্রতি লোভাতুর সাম্রাজ্যবাদী শক্তিগুলোর প্রতি নতজানু শাসকগোষ্ঠীর নীতি। এ অবস্থা থেকে জনগণকে পরিত্রানের পথ দেখাতে পারত যারা, সেই বাম-প্রগতিশীল গণতান্ত্রিক শক্তি আজ বহুধাবিভক্ত। জনগণ তাই এই শক্তির উপর আস্থা পায় না। এই আস্থার সঙ্কট পুনরুদ্ধারে প্রয়োজন সমস্ত শাসক দলগুলোর বিপরীতে এই বাম শক্তির বৃহত্তর ঐক্য। এই উপলব্ধি ও দায়বদ্ধতা অনুভব করেই আমরা কজন তরুন অনভিজ্ঞ কর্মী নেমেছি দুরূহ এই কর্মযজ্ঞ সাধনে।


free templates
Make a Free Website with Yola.